ভূমিকম্প ঝুঁকিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১১:৩৯ পিএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

গত শুক্রবার ও শনিবার দেশে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর সরকার পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দেখছে। এ অবস্থায় সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের স্বল্পতম সময়ের মধ্যে সরকারের করণীয় সম্পর্কে লিখিত পরামর্শ দিতে আহ্বান জানান। তিনি বলেন, “আমরা হাত গুটিয়ে বসে থাকতে চাই না, আবার অবৈজ্ঞানিক কোনো সিদ্ধান্তও নিতে চাই না। দ্রুত পরামর্শ দিন; সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত।”

মুহাম্মদ ইউনূস জানান, ভূমিকম্প ব্যবস্থাপনায় প্রয়োজনীয় বিশেষজ্ঞ কমিটি ও এক বা একাধিক টাস্কফোর্স গঠনের কাজ চলছে। বিশেষজ্ঞদের সুপারিশ পাওয়া মাত্রই কার্যক্রম হাতে নেওয়া হবে।

দেশের শীর্ষ বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা জানিয়েছেন, সাম্প্রতিক ভূমিকম্পে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে সতর্কতামূলক প্রস্তুতি জোরদার করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আফিফ নজরুল, দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

প্রধান উপদেষ্টা বলেন, সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনাগুলো অত্যন্ত বেদনাদায়ক। এমন পরিস্থিতি এড়াতে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। তিনি বিদেশে থাকা বাংলাদেশি ভূমিকম্প বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করেন।

অধ্যাপক ড. জিল্লুর রহমান বলেন, বাংলাদেশ বড় ভূমিকম্প প্রবণ এলাকা নয়, তবে পর্যাপ্ত প্রস্তুতি থাকা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আখতার জনসচেতনতা বৃদ্ধিতে তরুণদের সম্পৃক্ত করার পরামর্শ দেন এবং চার স্তরের করণীয় পরিকল্পনা তৈরির ওপর গুরুত্ব দেন।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানান, ভবনের ক্ষয়ক্ষতি চিহ্নিত করতে সফটওয়্যারের মাধ্যমে ফাটলধরা ভবনের ছবি সংগ্রহ চলছে। এখন পর্যন্ত দুই শতাধিক ভবনের মূল্যায়ন সম্পন্ন হয়েছে, যেগুলোর বেশিরভাগ ফাটল পার্টিশন দেয়ালে দেখা গেছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বিশেষজ্ঞদের লেখা সুপারিশ দ্রুত পর্যালোচনা করে টাস্কফোর্স গঠন করা হবে। এই টাস্কফোর্সে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা যুক্ত থাকবেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970