চাঁদপুরে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:২০ এএম
চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ সৈয়দ আহমেদ বেপারী (৪৫) নামে ইউনিয়ন বিএনপির এক সাবেক নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার (২৬ জানুয়ারি) দিনগত রাত সোয়া ২টার দিকে হাইমচর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক সৈয়দ আহমেদ বেপারী ফরিদগঞ্জ উপজেলার ১২ নম্বর চরদুখিয়া পশ্চিম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লড়াইরচর গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা। তিনি মৃত নুর মোহাম্মদ বেপারীর ছেলে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি চাইনিজ কুড়াল, দুটি রামদা, একটি লোহার চাকু, একটি দেশীয় দা, স্টিল পাইপ, হাতুড়ি, চেইন, বেইচ গিয়ার, একটি স্টিলের চাকু ও একটি স্মার্টফোন।
চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহজাহান জানান, সৈয়দ আহমেদ আগে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে উপজেলা ও ইউনিয়ন বিএনপির সব কমিটি স্থগিত রয়েছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, আটকের পর প্রথমে তাকে হাইমচর থানায় রাখা হয়। তবে তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় হওয়ায় পরে তাকে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, সৈয়দ আহমেদ হাইমচর থেকে আটক হলেও অস্ত্র উদ্ধার হয়েছে ফরিদগঞ্জে তার বাড়ি থেকে। এ কারণে ফরিদগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।