টিকটক ভিডিও বানাতে গিয়ে ট্রেনে কাটা, যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৯:৪৯ পিএম
চট্টগ্রামের দোহাজারী রেলস্টেশনে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে গুরুতর আহত হয়েছেন মোরশেদ আলম (২৫) নামে এক যুবক। দুর্ঘটনায় তার দুই পা এবং এক হাতের অর্ধেক অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দোহাজারী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত মোরশেদ আলম সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের তৈয়ারপাড় এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের সদস্যদের সঙ্গে রেললাইনের ওপর দাঁড়িয়ে টিকটক ভিডিও ধারণ করছিলেন মোরশেদ। এ সময় পিডিবির একটি শান্টিং ট্রেন পুশিং পদ্ধতিতে সামনে এগিয়ে আসছিল। ট্রেনটির ইঞ্জিন পেছনের দিকে থাকায় চালক বারবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক সংকেত দেন।
তবে ভিডিও ধারণে ব্যস্ত থাকায় মোরশেদ ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা সতর্ক সংকেত উপেক্ষা করেন। একপর্যায়ে ট্রেনটি খুব কাছে চলে এলেও তারা রেললাইন থেকে সরে না যাওয়ায় মোরশেদ ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
দোহাজারী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. নেচার উল্লাহ বলেন, ট্রেনের চালক একাধিকবার হর্ন ও সাইরেন বাজিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু রেললাইন থেকে সরে না যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ রকিবুল হাসান (মারুফ) জানান, আহত যুবকের দুই পা এবং এক হাতের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।