রাতে ঘুরতে বের হয়েছিল স্বামী-স্ত্রী, গরু চোর সন্দেহে গণপিটুনি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:০১ পিএম

ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে নিজেদের পিকআপ ভ্যান নিয়ে বের হওয়া এক দম্পতিকে গরু চোর সন্দেহে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই দম্পতি গরু চোর নন।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে ঈশ্বরদী পৌর এলাকার উমিরপুরে এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, ঈশ্বরদী পৌরসভার শহীদ আমিনপাড়া এলাকার বাসিন্দা মো. রায়হান শেখ (২৫) ও তার স্ত্রী মোছা. সুমাইয়া খাতুন (১৮) রাত আনুমানিক দেড়টার দিকে নিজেদের পিকআপ ভ্যান নিয়ে বের হন। উমিরপুর এলাকায় পৌঁছানোর পর তাদের গাড়িটি হঠাৎ বিকল হয়ে যায়। এরপর তারা সড়কের পাশে দাঁড়িয়ে গাড়িটি মেরামতের চেষ্টা করছিলেন।

এ সময় স্থানীয় কয়েকজন তাদের আচরণে সন্দেহ প্রকাশ করে গরু চোর মনে করে আটক করেন। একপর্যায়ে তাদের মারধরও করা হয়।

পরে ভোর প্রায় চারটার দিকে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ নিশ্চিত হয়, তারা কোনো গরু চুরির সঙ্গে জড়িত নন। নিজেদের পিকআপ ভ্যান বিকল হয়ে যাওয়ার কারণেই তারা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।

এ বিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বলেন, গরু চোর সন্দেহে স্থানীয়রা ওই স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিও পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970