শবে বরাতের মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনা, ইমামকে ছুরিকাঘাত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৭ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লাকুড়িয়াকান্দি এলাকায় শবে বরাতের রাতে মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনা করছিলেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা তানভীর আহসান। এ সময় এক যুবক তাকে ছুরিকাঘাত করে।
স্থানীয়রা হামলাকারী ২৩ বছর বয়সী ওই যুবককে ধরে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করেছে। পুলিশ ঘটনার বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রাখছে।
ভুক্তভোগী ইমাম মাওলানা তানভীর বলেন, “শবে বরাত উপলক্ষে আমি মাজারপূজা ও শিরকের বিরুদ্ধে আলোচনা করছিলাম। পাশাপাশি গায়েবের মালিক আল্লাহ এবং নবীজির সীমিত জ্ঞানের বিষয়ও তুলে ধরছিলাম। হঠাৎ এক ব্যক্তি আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। মোনাজাত শেষ করে বের হওয়ার সময় সে চাদরের নিচে লুকানো ছুরি নিয়ে এসে গাড়ের দিকে আঘাত করে। একসাথে ঘুষিও মারেন। তবে আল্লাহর হেফাজতে বড় ধরনের ক্ষতি হয়নি।”
ইমাম আরও বলেন, আঘাতের সময় তিনি কিছুটা অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় মুসল্লিরা হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন। বর্তমানে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, ইমামকে ছুরিকাঘাতের অভিযোগে যুবককে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।