দীর্ঘ প্রতীক্ষার অবসান, বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষার পর বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন হতে যাচ্ছে। সোমবার একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি নবগঠিত সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

সোমবার প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, আগামী ২০ এপ্রিল সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা হয়ে প্রধানমন্ত্রী বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন। এরপর বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

পরে বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুর চৌকিদহ খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হবে।

দুপুরে তিনি শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটায় কিছু সময় অবস্থান করবেন।

বিকেলে বগুড়া সার্কিট হাউসে নামাজ ও স্বল্প বিরতির পর বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে বগুড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়া ও আশপাশের এলাকায় উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970