কক্সবাজারে পরকীয়া প্রেমিকের স্ত্রীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৭:০৫ পিএম
কক্সবাজার শহরের টেকপাড়া এলাকায় পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে সানজিদা আক্তার (রেশমি) নামে এক নারী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) রাতের এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় সানজিদাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, টেকপাড়ার একটি ভাড়া বাসায় ১২ বছর বয়সী ছেলে সন্তানকে নিয়ে বসবাস করতেন সানজিদা। একটি মুদির দোকানে বাকিতে কেনাকাটার সূত্র ধরে ব্যবসায়ী শফিউল আলম সওদাগরের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে।
এ সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে শফিউল আলমের স্ত্রী ইয়াসমিনসহ কয়েকজন নারী সানজিদার বাসায় যান। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে সানজিদাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
নিহতের ছেলে সাব্বির গণমাধ্যমকে জানায়, ঘটনার সময় বাসায় তার মা ছাড়াও আরও দুইজন পুরুষ উপস্থিত ছিলেন। পরে কয়েকজন নারী এসে তার মায়ের ওপর হামলা চালান। হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র ছিল বলেও দাবি তার।
এদিকে, সাব্বিরের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে কয়েকজনকে আটক করেন এবং পুলিশকে খবর দেন।
স্থানীয় সমাজকর্মী ডালিম ও রিয়াদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহত সানজিদাকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। সানজিদার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বারদোনা এলাকায় হওয়ায় ঘটনাস্থলে তার নিকটাত্মীয় কেউ উপস্থিত ছিলেন না।
হাসপাতালে গিয়ে নিহতের সাবেক স্বামী ইমন কন্ট্রাক্টর জানান, ঘটনার বিষয়ে তিনি আগে কিছু জানতেন না। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র সরকার জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় তিনজনকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।