রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দিবো: নারীকে বিএনপি নেতার কুপ্রস্তাব

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পিএম

ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আকন্দের বিরুদ্ধে। অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, আশরাফ উদ্দিন আকন্দ তাকে রাত ১২টার দিকে পুকুরপাড়ে দেখা করতে বলেন। বিনিময়ে একটি ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

তিনি আরও দাবি করেন, এর আগেও ওই নেতার কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় সরকার পরিচালিত দরিদ্র ও অসহায় মানুষের জন্য বরাদ্দ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সুযোগ-সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ভিডিওটির সত্যতা এবং অভিযোগের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন আশরাফ উদ্দিন আকন্দ। তিনি বলেন, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার দলেরই একটি পক্ষ পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। প্রায় পাঁচ মাস আগে তার পা ভেঙে যায় এবং এখনো পুরোপুরি সুস্থ হননি। তাই রাত ১২টার সময় পুকুরপাড়ে যাওয়ার প্রশ্নই ওঠে না বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, অভিযোগকারী নারী মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। ঈদের সময় তিনি তার কাছে কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন। সেটি দিতে না পারার পর থেকেই তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখেছেন। আশরাফ উদ্দিন তার সঙ্গে যোগাযোগ করে অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগটি যদি উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা প্রমাণিত হয়, সেক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970