মানবতার টানে হাজারো কিলোমিটার পাড়ি, পঞ্চগড়ে ভবন নির্মাণে বিদেশি স্বেচ্ছাসেবীরা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:৫৪ এএম
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নেদারল্যান্ডসের একদল স্বেচ্ছাসেবী। হাজার হাজার কিলোমিটার দূরের দেশ থেকে বাংলাদেশের পঞ্চগড়ে এসে তারা প্রতিবন্ধী ও কুষ্ঠমুক্ত মানুষের কল্যাণে একটি স্থায়ী কার্যালয় নির্মাণের কাজে সরাসরি অংশ নিয়েছেন।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধাইধাইপাড় এলাকায় ‘আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থা’র জন্য নির্মাণাধীন ভবনের কাজে নেদারল্যান্ডসভিত্তিক ‘ওয়ার্ল্ড সার্ভেন্টস’-এর ২৯ সদস্যের দলটি স্থানীয় শ্রমিকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। তারা নিজেদের হাতেই ইট, বালু ও সিমেন্ট মিশিয়ে গাঁথুনির কাজ করছেন, যেন পেশাদার নির্মাণশ্রমিক।
স্বেচ্ছাসেবী দলের সদস্যদের মধ্যে শিক্ষক, ব্যাংককর্মী ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। তবে পঞ্চগড়ে এসে তাদের একমাত্র পরিচয় হয়ে উঠেছে মানবতার সেবক। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত তারা বিনা পারিশ্রমিকে শারীরিক পরিশ্রম করে ভবন নির্মাণে সহযোগিতা করছেন। তাদের ভাষ্য, অবহেলিত ও প্রতিবন্ধী মানুষের মুখে হাসি ফোটাতে পারাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
সংস্থাটির সভাপতি জফর আলী জানান, দীর্ঘদিন ধরে নিজস্ব স্থায়ী কার্যালয় না থাকায় বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। নতুন ভবনটি নির্মাণ সম্পন্ন হলে প্রতিবন্ধী ও কুষ্ঠমুক্ত মানুষের প্রশিক্ষণ, পুনর্বাসন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।
বিদেশি স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগের প্রশংসা করেছেন আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী। তিনি বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের এমন মানবিক অংশগ্রহণ সমাজে সহমর্মিতা, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার চেতনাকে আরও শক্তিশালী করবে।