ডেভিড ইমনের স্বীকারোক্তিতে ফটিকছড়িতে অভিযান, দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:১৬ পিএম
যশোর থেকে গ্রেপ্তার হওয়া আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ওরফে মোবারক হোসেন ইমনের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে জেলা পুলিশ।
বুধবার (২৯ জুলাই) গভীর রাতে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় একটি পরিত্যক্ত বসতঘরে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং গুলিসহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত ১১টার দিকে যশোর থেকে ডেভিড ইমনসহ চারজনকে চট্টগ্রামে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমন অস্ত্র মজুদের বিষয়টি স্বীকার করেন।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ফটিকছড়ি থানার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের পাইট্রাল টিলাপাড়ায় মৃত আবুল হোসেনের পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালানো হয়।
অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, গুলিসহ আরও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।