নোয়াখালীতে কবর থেকে বস্তাভর্তি বন্দুক-পাইপগান উদ্ধার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০০ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জে এক পারিবারিক কবরস্থান থেকে বস্তাভর্তি ৬টি একনলা দেশীয় বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার (৭ নভেম্বর) সকালে আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে মনু মিজির বাড়ির পারিবারিক কবরস্থানে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কবরস্থান পরিষ্কারের সময় স্থানীয়রা একটি ভাঙা কবরে বস্তাবন্দি অস্ত্র পড়ে থাকতে দেখেন। এরপর তারা চন্দ্রগঞ্জ ও বেগমগঞ্জ থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে এবং তাতে ৬টি দেশীয় একনলা বন্দুক ও ১টি পাইপগান পাওয়া যায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে এসব অস্ত্র চন্দ্রগঞ্জ থানা হেফাজতে রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।