নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তফসিল ঘোষণার পরপরই টিএসসি চত্বর থেকে মিছিল বের করেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার টিএসসিতে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা ‘২০২৬ মার্কা মোদের ধানের শীষ’, ‘খালেদা জিয়ার সালাম নিন, ধানের শীষে ভোট দিন’, ‘তারেক রহমানের সালাম নিন’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, “বিগত চারটি নির্বাচন দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছিল। ২০১৪ সালে বিনা ভোট, ২০১৮ সালে রাতের ভোট আর ২০২৪ সালে ‘আমি-ডামি’ নির্বাচন দেখেছি। এবার ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ভোট দেওয়ার সুযোগ এসেছে। আমরা যোগ্য প্রার্থী ও মার্কা দেখে ভোট দেব।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলবো। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করব।”