শহীদ ওসমান হাদির নামে সন্তানের নাম রাখলেন ঢাবির সাবেক শিক্ষার্থী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ পিএম
শহীদ শরীফ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে নিজের সন্তানের নাম রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক দপ্তর সম্পাদক তাওসিফুল ইসলাম। শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে তাওসিফুল ইসলাম শহীদ ওসমান হাদির সঙ্গে তার কথোপকথনের স্ক্রিনশট ও সন্তানের ছবি প্রকাশ করেন। তিনি জানান, হাদির নামানুসারেই সন্তানের নাম রাখা হয়েছে মাহতিম ওসমান হাদি। এর আগে সন্তানের নাম ছিল তাশরিফুল মাহতিন আয়ান, যা পরবর্তীতে পরিবর্তন করা হয়।
এ বিষয়ে তাওসিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ওসমান হাদি ভাইয়ের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত ৫ ডিসেম্বর সন্তানের জন্য একটি সুন্দর নামের পরামর্শ চাইলেও ব্যস্ততার কারণে হাদি তখন নাম প্রস্তাব দিতে পারেননি।
তিনি আরও বলেন, শহীদ ওসমান হাদি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবেন। দেশের জন্য আত্মত্যাগের যে আদর্শ তিনি রেখে গেছেন, তার প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই সন্তানের নামের সঙ্গে হাদির নাম যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, শরীফ ওসমান হাদি ২০২৪ সালের ছাত্র–জনতা অভ্যুত্থানের অন্যতম প্রধান নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।