রাতের আঁধারে ঢাবির ৫ স্থাপনায় তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:১৬ পিএম

ঢাবির ৫ স্থাপনায় তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আগামী ১৩ নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করতে রাতের আঁধারে পাঁচটি একাডেমিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনাটি ঘটে, যখন সংগঠনটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলের প্রধান ফটক এবং বিজ্ঞান ভবন তালাবদ্ধ করে দেয়।

এ ঘটনার পর ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক পেজে তালাবদ্ধ স্থাপনাগুলোর ছবি পোস্ট করেন। তিনি লেখেন, "১৩ তারিখ সারাদিন, লকডাউন সফল করুন। লকডাউন বিএসএল - চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট, বিজ্ঞান ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।"

এর আগে, ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত, রাজধানীজুড়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লকডাউন কর্মসূচি নিয়ে সহিংস কার্যক্রম চালিয়ে আসছিলেন।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, "আমরা ইতোমধ্যে কিছু তথ্য পেয়েছি, তবে পুরোপুরি আপডেট এখনো হাতে আসেনি। এক ঘণ্টা আগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে এবং তদন্ত এখনও চলছে।"

তিনি আরও জানান, "এ ঘটনায় যারা জড়িত, তাদের চিহ্নিত করার কাজ চলছে। ক্যাম্পাসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তাদের শনাক্ত করার চেষ্টা করছি। আজকের মধ্যেই সংশ্লিষ্টদের চিহ্নিত করা হবে।"

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় তৎপরতা বাড়িয়েছে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970