ভূমিকম্প ঝুঁকিতে ১৫ দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ১১:২১ পিএম
সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের ২৩ নভেম্বর রবিবার বিকাল ৫টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে সিন্ডিকেটের এক ভার্চুয়াল জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিন্ডিকেট সদস্য ছাড়াও চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, সাম্প্রতিক ভূমিকম্প শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে প্রভাবিত করেছে। পাশাপাশি আবাসিক হলগুলোর কাঠামোগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞ দল ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের মতামত বিশ্লেষণের পর সিদ্ধান্ত হয়—হলসমূহে বিস্তারিত কাঠামোগত পরীক্ষা, ঝুঁকি মূল্যায়ন এবং প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করা জরুরি। এজন্য সাময়িকভাবে হল খালি করাই নিরাপদ।
সিন্ডিকেট প্রাধ্যক্ষদের আগামীকাল বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানায়। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসগুলো যথারীতি খোলা থাকবে।