বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ বন্ধের নির্দেশ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৪:২২ এএম
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক–১) সাইয়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) নিয়োগ দেওয়া হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব পদে নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে গত রোববার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সিআর আবরার) জানান, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়াও এনটিআরসিএর অধীনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ায় নতুন দিক উন্মোচিত হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।