দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা হাসান মাসুদ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এএম
জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থতার কারণে ২৭ অক্টোবর রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি।
বর্তমানে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা গোপনীয়তা বজায় রেখেছে।
অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসান মাসুদ এখনো চিকিৎসাধীন, এবং সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছুদিন সময় লাগতে পারে।
দীর্ঘদিন ক্যামেরার বাইরে থাকার পর সম্প্রতি তিনি ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’-তে অভিনয় শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থতার কারণে নাটকের শুটিং আপাতত স্থগিত রয়েছে। অভিনেতার দ্রুত আরোগ্যের জন্য তার ভক্ত ও সহকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।