শ্রীলঙ্কা উপকূলে ইরানি জাহাজে সাবমেরিন হামলা, নিখোঁজ ১০১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৭:২৩ পিএম
শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলার ঘটনায় অন্তত ১০১ জন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্স–কে এ তথ্য জানিয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন আরও ৭৮ জন। আক্রান্ত জাহাজটি ইতোমধ্যে সমুদ্রের তলদেশে ডুবে গেছে বলে নিশ্চিত করা হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলঙ্কার নৌবাহিনীর একটি সূত্র জানায়, এখন পর্যন্ত ৭৯ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। আরও ১০১ জন নিখোঁজ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বলেন, বুধবার ভোরে জাহাজটি থেকে বিপদ সংকেত পাওয়ার পরপরই নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে। তিনি জানান, সামরিক বাহিনী অন্তত ৩০ জনকে উদ্ধার করেছে এবং এ নজিরবিহীন হামলার ঘটনায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তবে হতাহত ও নিখোঁজের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর এক সরকারি মুখপাত্র ১০১ জন নিখোঁজ থাকার তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন। তার ভাষ্য, নৌবাহিনী এখন পর্যন্ত ৩২ জন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ শ্রীলঙ্কার গলে উপকূলের অদূরে জাহাজটি প্রথম বিপদ সংকেত পাঠায়। পরে আহতদের উদ্ধার করে গালের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিখোঁজদের সন্ধানে সাগরে এখনো তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।