উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিমের দল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৭:৪৯ পিএম

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। দেশব্যাপী অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিল ৯৯ দশমিক ৯৯ শতাংশ। এর মধ্যে কিম জং উনের নেতৃত্বাধীন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি পেয়েছে ৯৯ দশমিক ৯৩ শতাংশ ভোট।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এই ফলাফল প্রকাশ করেছে।

নির্বাচনে মোট ৬৮৭ জন প্রতিনিধিকে নির্বাচিত করতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগের মতোই এবারও প্রতিটি নির্বাচনি এলাকায় একজন করে অনুমোদিত প্রার্থী রাখা হয়। ভোটারদের সামনে ছিল কেবল সমর্থন বা প্রত্যাখ্যানের সুযোগ।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, প্রার্থীদের বিপক্ষে ভোট পড়েছে মাত্র ০ দশমিক ০৭ শতাংশ। কঠোরভাবে নিয়ন্ত্রিত এই রাষ্ট্রে এমন পরিসংখ্যান নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই এই অল্পসংখ্যক ভোটারকে সাহসী হিসেবে উল্লেখ করেছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম এই ফলাফলকে জনগণের ঐক্য এবং বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি দৃঢ় সমর্থনের প্রতিফলন হিসেবে তুলে ধরেছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বরাবরই দেশটির নির্বাচনের স্বাধীনতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন।

এদিকে, কিম জং উন একটি কয়লা খনিতে নিজের ভোট প্রদান করেন। সেখানে তিনি দেশের অর্থনীতি ও পঞ্চবার্ষিক পরিকল্পনায় কয়লা শিল্পের গুরুত্বের ওপর জোর দেন। এ সময় তার ছোট বোন কিম ইয়ো জংসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। দেশকে আধুনিকায়নের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970