ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১০:৫৪ এএম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন পশ্চিমবঙ্গে সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। অনুষ্ঠানে বহু মানুষের পাশাপাশি রাজ্যের বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত থাকবেন।

যোগ দিবসের প্রস্তুতির অংশ হিসেবে রেড রোডে মঞ্চ নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এ কারণে গত রোববার রাত ১০টা থেকে আগামী ২১ জুন পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

তবে রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলেও সম্প্রতি ঈদের নামাজ আয়োজনের অনুমতি না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ। তাদের দাবি, একই স্থানে একটি অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলে অন্য ধর্মীয় আয়োজনের ক্ষেত্রেও সমান সুযোগ থাকা উচিত।

মঙ্গলবার এ বিষয়ে প্রশ্নের জবাবে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী সফরে এলে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়ে থাকে। তার ভাষ্য, যান চলাচল তুলনামূলক কম হওয়ায় রেড রোডকে কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে, অন্য কোথাও আয়োজন করা হলে আরও বেশি ভোগান্তি সৃষ্টি হতো।

ঈদের নামাজের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি না দেওয়ার প্রসঙ্গে তিনি আরও কড়া মন্তব্য করেন। দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কর্মসূচির জন্য রাস্তা বন্ধ রাখা স্বাভাবিক বিষয়। তার দাবি, প্রধানমন্ত্রী বছরে মাত্র একবার আসেন এবং সেই কারণে সাময়িকভাবে রাস্তা বন্ধ করাকে বড় বিষয় হিসেবে দেখার কারণ নেই।

এ সময় তিনি বাংলাদেশ ও পাকিস্তানের প্রসঙ্গ টেনে বলেন, কেউ চাইলে বাংলাদেশ বা পাকিস্তানে গিয়ে নামাজ আদায় করতে পারেন, সেখানে এ নিয়ে কোনো সমস্যা হবে না। পাশাপাশি তিনি দাবি করেন, বর্তমান সরকার এসব বিষয়ের পরিবর্তনের জন্যই ক্ষমতায় এসেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970