শান্তি চুক্তির পর উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:০৫ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি কার্যকর হওয়ার পর প্রথমবারের মতো একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। এ ঘটনাকে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
শাফাক নিউজের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ভারতের প্রতিষ্ঠান পেট্রোনেট পরিচালিত জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালি পেরিয়ে ওমান উপসাগর হয়ে আরব সাগরের দিকে যাত্রা করেছে।
সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি আবারও আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। একই সঙ্গে ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও প্রত্যাহার করা হয়েছে।
বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হওয়ায় এই নৌপথ পুনরায় চালু হওয়া বৈশ্বিক জ্বালানি বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে বিশ্লেষকদের ধারণা।
এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন চুক্তিটি দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন। পাশাপাশি হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল আরোপ ছাড়াই আন্তর্জাতিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন।