নতুন হিজরি বছরকে স্বাগত জানিয়ে নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১০:৫৮ এএম

ছবি: সংগৃহীত

নতুন হিজরি বছর ১৪৪৮ সালের সূচনায় ইসলামের পবিত্রতম স্থান পবিত্র কাবা শরিফে ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নতুন কিসওয়া (গিলাফ) পরানো হয়েছে। মঙ্গলবার (১ মহররম) ভোরে মসজিদুল হারামে এই বার্ষিক আয়োজন সম্পন্ন হয়।

সৌদি আরবের গণমাধ্যম সূত্রে জানা যায়, মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কাবা শরিফের পুরোনো গিলাফ অপসারণ করে নতুন গিলাফ স্থাপন করা হয়। পুরো কার্যক্রমটি তদারকি করেন শাইখ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইস।

কাবার কিসওয়া তৈরির দায়িত্বে থাকা কিং আবদুল আজিজ কমপ্লেক্সের দক্ষ কারিগর ও প্রযুক্তিবিদরা ১০ ধাপের বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে নতুন গিলাফ স্থাপন করেন। এ সময় কাবার চারপাশে ধাপে ধাপে নতুন কিসওয়া স্থাপন করে তা কোণা ও ছাদের সঙ্গে সংযুক্ত করা হয়।

প্রক্রিয়ার অংশ হিসেবে কাবার চারটি দিকের কাপড় আলাদা করে ওপরে তোলা হয় এবং পুরোনো গিলাফের ওপর নতুন গিলাফ বিছিয়ে ধীরে ধীরে নিচে নামানো হয়। একইভাবে নিচের অংশ থেকে পুরোনো গিলাফ সরিয়ে নতুনটি স্থাপন করা হয়।

সব অংশ স্থাপনের পর কিসওয়ার বেল্ট বা ‘হিজাম’ সেলাইয়ের মাধ্যমে যুক্ত করা হয়। পরে কাবার বিভিন্ন কোণা ও পাশ শক্তভাবে সংযুক্ত করা হয় এবং সর্বশেষ দরজার বিশেষ পর্দা স্থাপন করা হয়, যা অত্যন্ত সূক্ষ্ম ও সময়সাপেক্ষ কাজ হিসেবে পরিচিত।

জানা গেছে, নতুন কিসওয়ায় মোট ৫৩টি স্বর্ণখচিত অলংকার রয়েছে, যার মধ্যে বেল্ট, ঝুলন্ত অলংকার, ফানুস আকৃতির নকশা, দরজার পর্দা, ইয়েমেনি কোণের বিশেষ অংশ এবং মিজাবের অলংকার উল্লেখযোগ্য।

প্রতি বছর কয়েক মাস ধরে খাঁটি প্রাকৃতিক রেশমে সোনালি ও রুপালি সুতা ব্যবহার করে কোরআনের আয়াত ও নান্দনিক নকশা সূচিকর্মের মাধ্যমে তৈরি করা হয় এই পবিত্র কিসওয়া।

ধর্মীয় গুরুত্বের পাশাপাশি কিসওয়া পরিবর্তনের এই আয়োজন মুসলিম বিশ্বের কাছে গভীর তাৎপর্য বহন করে। এটি পবিত্র কাবা শরিফের মর্যাদা, ইসলামি ঐতিহ্যের ধারাবাহিকতা এবং দুই পবিত্র মসজিদের সেবায় সৌদি আরবের অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

প্রতি বছরের মতো এবারও মহররম মাসের প্রথম দিনের ভোরে নতুন কিসওয়ায় সজ্জিত হয়ে নতুন হিজরি বছরকে বরণ করে নিল পবিত্র কাবা শরিফ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970