ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসি পরিচালিত সেপাহ নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলি মোহাম্মদ নাঈনি মারা গেছেন। ২০২৪ সাল থেকে তিনি সংস্থাটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের অন্যান্য সরকারি মাধ্যমও একই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক হামলা চালানো হয়েছে। তবে ঠিক কোন সময়ে নাঈনি নিহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
৬৮ বছর বয়সী নাঈনি ছিলেন আইআরজিসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তিনি টেলিভিশনে দেওয়া বক্তব্যে জানিয়েছেন, চলমান পরিস্থিতির মধ্যেও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই ঘটনার অনেক তথ্য এখনও অস্পষ্ট রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।