নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

মানহানি, ভয়ভীতি ও অবমাননার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মামলার আবেদন গ্রহণ করে তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন আদালত।

রোববার (৮ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এ আদেশ দেন। এদিন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম (আমীর) জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।

মামলার আবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটে পরাজিত হন। নির্বাচনের সময় থেকেই তিনি বিভিন্ন সময়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এছাড়া নির্বাচনে পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে আরও বেশি করে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচার করা হচ্ছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এসব বক্তব্যের মাধ্যমে তাকে হুমকি দেওয়া এবং তার রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।

মামলায় আরও বলা হয়েছে, গত ৫ মার্চ ফেসবুকে একটি পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী মির্জা আব্বাসকে নিয়ে বিভিন্ন মানহানিকর মন্তব্য করেন। পরে সেগুলো ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তার মান-সম্মান ক্ষুণ্ন হয় বলে অভিযোগ তোলা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস এবং জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বহুল আলোচিত এই আসনে ভোটের লড়াইয়ে মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে জয় লাভ করেন। তিনি পান ৫৬ হাজার ৫৫২ ভোট। অপরদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫১ হাজার ৫৭২ ভোট।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970