'আবার রিমান্ডে নিলে হার্ট অ্যাটাক করব’: আদালতে নাসা গ্রুপের নজরুল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলশানে হত্যাকাণ্ডের মামলায় নাসা গ্রুপের কর্ণধার ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে তিন দিনের রিমান্ডে পাঠানোর সিদ্ধান্ত দিয়েছে আদালত।
রিমান্ড শুনানিতে নজরুল ইসলাম আদালতকে জানান, তিনি গুরুতর অসুস্থ। তিনি বলেন, “এর আগে দুইবার রিমান্ডে নেওয়া হয়েছে। যদি আবারও রিমান্ডে নেওয়া হয়, তবে আমার হার্ট অ্যাটাক হতে পারে।”
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপপরিদর্শক রেজাউল করিম আদালতে নজরুল ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামি ঘটনার সঙ্গে জড়িত এবং অপর সহযোগীদের অর্থ জোগান ও উসকানি দিয়েছেন।
অপর দিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তারা বলেন, নজরুল ইসলাম দেশের বাইরে ছিলেন এবং মানবিক কারণে বয়স্ক ও অসুস্থ হওয়ায় তার রিমান্ড বাতিল করা উচিত।
শুনানিতে নজরুল ইসলাম নিজের অসুস্থতার কাগজপত্র দেখিয়ে জানান, তিনি হার্টের রোগী এবং ওপেন হার্ট সার্জারি করেছেন। জেলখানায় তার শারীরিক অবস্থার কারণে অনেকবার ব্যথা হয়েছে। তিনি আরও বলেন, প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া যেতে পারে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি দেখান। তিনি বলেন, আসামি ঘটনার সঙ্গে জড়িত এবং অর্থ জোগান দিয়েছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার রিমান্ড প্রয়োজন।
অবশেষে আদালত দুই পক্ষের শুনানি শেষে নজরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর বাটার গলিতে আন্দোলনে অংশ নেন কামাল হোসেন প্রকাশ সবুজ (৪০), এবং সেসময় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। মামলাটি চলতি বছরের ৭ জুলাই গুলশান থানায় দায়ের করা হয়। নজরুল ইসলাম ১ অক্টোবর রাতের বেলায় গুলশান থেকে গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে রয়েছেন।