সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সুজন মাহমুদ, বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:১৫ এএম

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, নির্বাচন ভণ্ডুল বা অস্থিতিশীল হওয়ার কোনো সম্ভাবনা নেই।

মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করে কোনো অডিও বার্তা দিয়েছেন কি না—এ ধরনের বিষয় নির্বাচনকে অস্থিতিশীল করতে পারে না। তিনি আরও বলেন, যদি তাদের সাহস থাকে, তাহলে দেশে এসে আইনের আওতায় কথা বলুক। দেশে তাদের আগের মতো কোনো সমর্থনও আর নেই। অনেক সমর্থক দেশ ছেড়ে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি ফ্যাসিস্ট অপরাধীদের দেশে ফেরত আনতে আশ্রয়দানকারী দেশগুলোর সহযোগিতা কামনা করেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে কারা অধিদপ্তরসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বাহিনীর নিয়োগ প্রক্রিয়ায় কোনো দুর্নীতি হয়নি দাবি করে উপদেষ্টা বলেন, এবার নিয়োগ শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে। কোনো তদবির বা অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়নি।

তিনি বলেন, দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এবং তা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এই দুর্নীতি দূর করা সম্ভব হয়েছে বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেন তিনি।

এ ছাড়া কারাগারে বন্দিদের খাবারের মান ও পরিমাণ বাড়ানো হয়েছে জানিয়ে নবীন কারারক্ষীদের সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

ব্রিফিংয়ে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970