মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশি-বিদেশি সফর নিয়ে নতুন নির্দেশনা জারি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা রাষ্ট্রীয় বা সরকারি প্রয়োজনে বিদেশ সফর এবং দেশে ফেরার সময় কী ধরনের রাষ্ট্রীয় আচরণ অনুসরণ করবেন, সে বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ১৬ এপ্রিল জারি করা এ নির্দেশনায় জানানো হয়েছে, ২০২৪ সালের ২৭ আগস্টের আগের নির্দেশনা এর মাধ্যমে প্রতিস্থাপিত হবে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশ সফরের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব বিমানবন্দরে উপস্থিত থাকবেন। দেশের অভ্যন্তরে সফরের ক্ষেত্রে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তাঁদের একান্ত সচিব যাত্রা ও ফেরার স্থানে উপস্থিত থাকবেন।
জেলা পর্যায়ের সফরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার যথাসম্ভব অভ্যর্থনা ও বিদায় জানাবেন। তবে এ কারণে তাঁদের নিজস্ব সরকারি সফর বাতিলের প্রয়োজন হবে না; প্রয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত পুলিশ সুপার এ দায়িত্ব পালন করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ দায়িত্বে থাকবেন।
এছাড়া বিমানবন্দর, রেলস্টেশন ও যাত্রাবিরতি স্থানে উপস্থিতি নিশ্চিত করা, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, সফরসূচি আগাম জানানো এবং কোনো পরিবর্তন হলে তা দ্রুত অবহিত করার নির্দেশনাও এতে উল্লেখ করা হয়েছে।
রেলপথে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট স্টেশন ও জংশনে পুলিশের উপস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম রেলওয়ে এলাকায় বিশেষ নজরদারির নির্দেশনাও দেওয়া হয়েছে।
সাধারণ নির্দেশনায় আরও বলা হয়েছে, সফর সরকারি না ব্যক্তিগত তা আগেই নির্ধারণ করতে হবে। সরকারি সফরে রাষ্ট্রীয় যানবাহন ও আবাসন সুবিধা দেওয়া হবে। আর ব্যক্তিগত সফরে এসব সুবিধা গ্রহণ করলে নির্ধারিত নিয়ম অনুযায়ী অর্থ পরিশোধ করতে হবে।
সব মিলিয়ে নতুন এ নির্দেশনায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফর ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও সমন্বিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।