দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: আইনমন্ত্রী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, শেখ হাসিনা বর্তমানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং দেশের সীমানায় প্রবেশ করলেই আইন অনুযায়ী তাকে আটক করা হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশের চৌহদ্দিতে প্রবেশ করলেই তাকে গ্রেফতার করা হবে এবং এরপর আইন তার নিজস্ব গতিতে চলবে।
আইনমন্ত্রী আরও বলেন, অভিযুক্ত হিসেবে শেখ হাসিনারও আইনি সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ-এর প্রকাশিত প্রতিবেদন সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের পর ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের সাংবিধানিক বিধান রয়েছে। এছাড়া নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে পরবর্তী সংসদ অধিবেশন বসবে। বিশেষ অধিবেশন আয়োজনের বাধ্যবাধকতা না থাকলেও প্রয়োজন হলে সরকার তা আহ্বান করতে পারে।