প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও এআই সৃষ্ট নয়: দাবি দ্য ডিসেন্টের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৪৩ পিএম

ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে ঘিরে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে ঢাকাভিত্তিক অনুসন্ধানী ডিজিটাল গণমাধ্যম দ্য ডিসেন্ট।

বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও স্ক্রিনশটের উচ্চ রেজুলেশনের সংস্করণ সংগ্রহ করে একাধিক এআই শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। এসব বিশ্লেষণে ছবি বা ভিডিও এআই ব্যবহার করে তৈরি হয়েছে এমন কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের অংশ হিসেবে ভাইরাল হওয়া হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট বিশ্লেষণ করে একটি মোবাইল নম্বর শনাক্ত করা হয়। পরে ওই নম্বরে যোগাযোগ করলে এক নারী ফোন রিসিভ করেন। প্রতিবেদনের দাবি অনুযায়ী, তাকে পাঠানো একটি ছবি তিনি নিজের বলে স্বীকার করলেও সেটি কীভাবে ভাইরাল হওয়া কথোপকথনের সঙ্গে যুক্ত হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

ওই নারী আরও দাবি করেন, ভাইরাল ছবি, ভিডিও বা স্ক্রিনশট সম্পর্কে তার কোনো তথ্য নেই। তবে তিনি জানান, ফরহাদ হোসেনকে একজন সংসদ সদস্য হিসেবে চেনেন।

দ্য ডিসেন্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, অনুসন্ধানে ওই নারী ও প্রতিমন্ত্রীর গ্রামের মধ্যে ভৌগোলিক মিল পাওয়া গেছে। তবে তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এমন স্বাধীনভাবে যাচাইযোগ্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, ওই নারীর সঙ্গে কথা বলার কিছুক্ষণ পর প্রতিমন্ত্রীর নামে সংরক্ষিত একটি নম্বর থেকে প্রতিবেদকের কাছে ফোন আসে। পরদিন ওই নম্বরে যোগাযোগ করলে প্রতিমন্ত্রী দপ্তরে এসে কথা বলার আমন্ত্রণ জানান। পরে আবার যোগাযোগের চেষ্টা করলে তিনি ব্যস্ত থাকার কথা বলে কল শেষ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া দ্য ডিসেন্ট জানায়, ব্যবহৃত মোবাইল নম্বরটি বাংলাদেশ সরকারের প্রকাশিত মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারি যোগাযোগ তালিকায় ফরহাদ হোসেনের নামের পাশে থাকা নম্বরের সঙ্গে মিল রয়েছে।

উল্লেখ্য, দ্য ডিসেন্ট একটি ঢাকাভিত্তিক ডিজিটাল অনুসন্ধানী গণমাধ্যম। প্রতিষ্ঠানটি বিভ্রান্তিকর তথ্য, প্রভাব বিস্তারের অপারেশন, তথ্য কারসাজি, ডিজিটাল অপরাধসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970