ইরানে আবারও কঠোর হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:২৬ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানকে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই হামলার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা তাদের ভয়াবহভাবে আঘাত করব। তারা এর কঠিন পরিণতি ভোগ করবে।’

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই মাঝআকাশে ভূপাতিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের এমন দাবির পরই ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দেন ডোনাল্ড ট্রাম্প।

তিনি ইরানের হামলাকে ‘আকস্মিক হামলা’ হিসেবে উল্লেখ করে বলেন, ক্ষেপণাস্ত্রগুলো জর্ডানে পৌঁছানোর আগে প্রতিক্রিয়া জানানোর জন্য মার্কিন সেনাদের হাতে মাত্র কয়েক মিনিট সময় ছিল। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোনো ক্ষেপণাস্ত্রই মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারেনি।

রিপাবলিকান এই নেতা আরও বলেন, ভিডিও ফুটেজে তিনি মার্কিন সেনাদের রিয়েল-টাইমে ক্ষেপণাস্ত্র শনাক্ত, স্থানাঙ্ক নির্ধারণ এবং সেগুলো ধ্বংস করার দৃশ্য দেখেছেন। তার ভাষ্য, এই সফল প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এ ঘটনার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের ভূখণ্ড থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্ট্রাল কমান্ড জানায়, এটি ছিল মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর আকস্মিক হামলার চেষ্টা।

যদিও সেন্ট্রাল কমান্ড হামলার নির্দিষ্ট স্থান প্রকাশ করেনি, তবে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্য ছিল জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি।

এদিকে, ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলা প্রসঙ্গে নিজের অবস্থানও তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরাক সরকারের সঙ্গে পূর্ণ সমন্বয় করেই এ অভিযান পরিচালিত হয়েছে।

ট্রাম্প ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে বিশ্বের জন্য ‘ক্যান্সার’ বলে উল্লেখ করে বলেন, তেহরানের আঞ্চলিক মিত্রদের ওপর ওয়াশিংটনের চাপ অব্যাহত থাকবে।

তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও ইরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বন্ধ করা হবে না বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, পুরো অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লেও মার্কিন মধ্যস্থতাকারীরা তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।

সূত্র: এএফপি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970