ইনফান্তিনোর ‘পক্ষে’ ভোট না দিলে বাংলাদেশ খোয়াবে ৩৭০ কোটি টাকা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার প্রস্তাব অনুমোদন না হলে সদস্য দেশগুলোকে দেওয়া অতিরিক্ত আর্থিক সহায়তা বন্ধ হতে পারে বলে সতর্ক করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এতে বাংলাদেশসহ ২১১টি সদস্য দেশের সর্বোচ্চ ৩ কোটি ডলার পর্যন্ত অনুদান পাওয়ার সুযোগ হাতছাড়া হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সদস্য দেশগুলোকে ৫৩ দিনের সময় দিয়েছে ফিফা।

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ভোটে প্রস্তাবটি অনুমোদিত হলে ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করা হবে। এই প্রতিষ্ঠানের অধীনে বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টের সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ, টিকিট বিক্রি এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে বাইরের বিনিয়োগকারীদেরও এতে অংশীদার হওয়ার সুযোগ দেওয়া হবে।

জিয়ান্নি ইনফান্তিনো সদস্য দেশগুলোকে জানিয়েছেন, প্রস্তাবটি পাস হলে ২০২৭-২০৩১ মেয়াদে ফিফা ফরওয়ার্ড কর্মসূচির অনুদান প্রায় ৮ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২০ মিলিয়ন ডলার করা হবে। এছাড়া প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া প্রতিটি সদস্য দেশকে এককালীন আরও ২০ মিলিয়ন ডলার অতিরিক্ত অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, প্রস্তাবটি অনুমোদন না পেলে সদস্য দেশগুলো মাত্র ১০ মিলিয়ন ডলার অনুদান পাবে। ফলে সম্ভাব্য অতিরিক্ত ৩০ মিলিয়ন ডলার থেকে তারা বঞ্চিত হবে। ভবিষ্যতে ২০৩৫-২০৩৮ মেয়াদে এই অনুদান ২৪ মিলিয়ন ডলারে উন্নীত করারও পরিকল্পনা রয়েছে। নতুন বিনিয়োগ কাঠামোর মাধ্যমে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ফিফা।

বাংলাদেশের মতো অনেক ছোট ফুটবল ফেডারেশন জাতীয় দল পরিচালনা, অবকাঠামো উন্নয়ন, একাডেমি পরিচালনা এবং তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়নে ফিফার অনুদানের ওপর অনেকটাই নির্ভরশীল। এর আগে জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছিলেন, ফিফার সহায়তা ছাড়া বিশ্বের প্রায় ১৫০টি দেশে ফুটবল কার্যক্রম টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

তবে এই পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। উয়েফা অভিযোগ করেছে, ফিফা ফুটবলের বাণিজ্যিকীকরণের মাধ্যমে খেলাটির মূল চেতনাকেই ক্ষতিগ্রস্ত করতে চায়। বিষয়টি নিয়ে ইউরোপের ফুটবল কর্তারা জরুরি বৈঠক ডাকছেন এবং বিশ্বকাপ বর্জনের সম্ভাবনাও আলোচনায় রয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।

এদিকে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তারা আগে থেকে এই পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল না। এক বিবৃতিতে সংস্থাটি প্রস্তাবের প্রক্রিয়া, স্বচ্ছতা এবং নীতিগত দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, পূর্ণাঙ্গ তথ্য পর্যালোচনার পর তারা নিজেদের অবস্থান জানাবে।

উত্তর আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও এই পরিকল্পনার সমালোচনা করেছে। তবে আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার অনেক সদস্য সংস্থার সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী জিয়ান্নি ইনফান্তিনো। প্রস্তাবটি কার্যকর করতে ফিফার ২১১ সদস্য দেশের মধ্যে ৫০ শতাংশের বেশি ভোট এবং ফিফা কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970