ব্রাজিলের জার্সিতে নেইমারের পথচলার ইতি, আন্তর্জাতিক ফুটবলকে বিদায়

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:২৯ পিএম

ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় দলের জার্সিতে দীর্ঘ ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি টানলেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়ে জাতীয় দলের হয়ে নিজের পথচলার ইতি টেনেছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলের জয়ের পর অবসরের ঘোষণা দেন নেইমার। ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর তার আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে যে জল্পনা চলছিল, এই ঘোষণার মাধ্যমে তার অবসান হলো।

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেই ম্যাচটিই ছিল জাতীয় দলের হয়ে নেইমারের শেষ উপস্থিতি।

বিদায়ের ঘোষণা দিয়ে নেইমার বলেন, ব্রাজিলের হয়ে খেলতে পারা তার জীবনের সবচেয়ে বড় গর্বগুলোর একটি। জাতীয় দলের জার্সি গায়ে তিনি সবসময় নিজের সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেই যাত্রা নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। আমি ইতিহাসের অংশ হতে পেরেছি, অসাধারণ কিছু মুহূর্ত উপহার পেয়েছি। ব্রাজিলের জার্সির জন্য নিজের সর্বস্ব দিয়ে খেলেছি। তবে এখন এই অধ্যায়ের সমাপ্তি টানার সময় এসেছে।’

আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন নেইমার। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে দেশের প্রতিনিধিত্ব করে গুরুত্বপূর্ণ সাফল্যে অবদান রাখেন তিনি।

বর্তমানে তার পুরো মনোযোগ ক্লাব সান্তোসকে ঘিরে। সম্প্রতি একটি লিগ ম্যাচের পর ড্রেসিংরুমে তরুণ খেলোয়াড়দের কঠোর ভাষায় সমালোচনা করার অভিযোগ ওঠে। তবে সেই অভিযোগ অস্বীকার করে নেইমার জানান, দলের পারফরম্যান্স উন্নত করার লক্ষ্যেই তিনি খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছেন।

তার ভাষায়, ‘এ ধরনের গুজব দুঃখজনক এবং বিভ্রান্তিকর। আমি শুধু বলেছি, আমাদের আরও ভালো খেলতে হবে। জয়ের ম্যাচ এভাবে হাতছাড়া করা উচিত নয়। অধিনায়ক হিসেবে এমন কথা বলার দায়িত্ব আমার আছে। লুকাস ভেরিসিমো ও গাবিগোলও খেলোয়াড়দের সঙ্গে একই বিষয়ে আলোচনা করেছেন।’

মাঠের বাইরের আলোচনা থাকলেও কোপা সুদামেরিকানায় ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। এই জয়ে প্রতিযোগিতার শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস। পরবর্তী পর্বে তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের মাকারা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970