২১ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্ম মিলল জিম্বাবুয়েতে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম

ছবি: সংগৃহীত

জিম্বাবুয়েতে প্রায় ২১ কোটি বছর আগের একটি নতুন প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। তাদের মতে, এই আবিষ্কার ডাইনোসরের বিবর্তন, বিস্তার এবং প্রাচীন পৃথিবীর বাস্তুতন্ত্র সম্পর্কে নতুন তথ্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বুধবার (২৯ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্ত হওয়া ডাইনোসর প্রজাতির বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘মুসাঙ্গো মাতুসাডোনেনসিস’। ২০১৮ সালে উত্তর জিম্বাবুয়ের কারিবা হ্রদের তীর থেকে উদ্ধার করা একটি কঙ্কালের ওপর দীর্ঘ গবেষণার পর সম্প্রতি এটিকে নতুন প্রজাতি হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি জিম্বাবুয়েতে আবিষ্কৃত পঞ্চম ডাইনোসর প্রজাতি।

গবেষকদের তথ্য অনুযায়ী, ট্রায়াসিক যুগে প্রায় ২১ কোটি বছর আগে এই ডাইনোসর পৃথিবীতে বিচরণ করত। প্রাণীটির দৈর্ঘ্য ছিল প্রায় সাড়ে চার মিটার এবং ওজন ছিল প্রায় ২২২ কেজি। সে সময়ের অন্যান্য বৃহদাকার ডাইনোসরের তুলনায় এটি অপেক্ষাকৃত ছোট আকৃতির ছিল।

জিম্বাবুয়ের স্থানীয় শোনা ভাষায় ‘মুসাঙ্গো’ শব্দের অর্থ ‘ঝোপঝাড়ে বসবাসকারী’। সেই অর্থের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন প্রজাতিটির নামকরণ করা হয়েছে।

‘জার্নাল অব সিস্টেম্যাটিক প্যালিওন্টোলজি’-তে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, উদ্ধার হওয়া কঙ্কালটি জিম্বাবুয়েতে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত ডাইনোসরের কঙ্কালগুলোর একটি। এতে মেরুদণ্ড, পাঁজর এবং হাত-পায়ের অধিকাংশ হাড় অক্ষত অবস্থায় পাওয়া গেছে।

বিজ্ঞানীদের ধারণা, মৃত্যুর সময় ডাইনোসরটির বয়স ছিল প্রায় আট বছর। এটি সম্ভবত তৃণভোজী বা সর্বভুক ছিল এবং নদী বা জলাশয়ের আশপাশের ঝোপঝাড়ের উদ্ভিদ খেয়ে জীবনধারণ করত।

গবেষকদের মতে, এই আবিষ্কার প্রমাণ করে যে প্রাচীন দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র গড়ে উঠেছিল, যেখানে নানা ধরনের ডাইনোসর বসবাস করত। এর আগে ২০২২ সালেও জিম্বাবুয়েতে আফ্রিকার সবচেয়ে প্রাচীন ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কারের ঘোষণা দিয়েছিলেন বিজ্ঞানীরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970