মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, একাধিক এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। একই সঙ্গে আরও তিনটি যুদ্ধবিমান গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্সের বরাতে প্রকাশিত আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সম্প্রতি কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দুই দম্পতি ও তাদের সন্তান নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ইউনিট একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটির একটি র্যাম্প ও রক্ষণাবেক্ষণ শেডে হামলা চালায়। ওই শেডে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান রাখা ছিল বলে দাবি করা হয়েছে।
ইরানের দাবি অনুযায়ী, হামলায় তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এছাড়া শত্রুপক্ষের কয়েকজন সামরিক কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মীও নিহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে শেষ মার্কিন সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত জর্ডানসহ পুরো অঞ্চলে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।