মোদিকে ‘গদি’ ছাড়তে বললেন ‘ককরোচ জনতা পার্টির’ প্রতিষ্ঠাতা অভিজিৎ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:১৯ পিএম

ছবি: সংগৃহীত

টানা ৩৭ দিনের আন্দোলনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির তরুণদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘তেলাপোকা’ বা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি বলেন, দেশের দায়িত্ব অন্য কারও হাতে তুলে দিয়ে মোদির ‘ইনফ্লুয়েন্সার’ হিসেবে কাজ করাই বেশি মানানসই হবে।

বুধবার (২৯ জুলাই) মহারাষ্ট্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিজিৎ দিপকে এসব মন্তব্য করেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের উদ্দেশে প্রকাশিত নরেন্দ্র মোদির বিভিন্ন ভিডিওর প্রসঙ্গ তোলেন। অভিজিৎ বলেন, মোদি যদি এত ভালোভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তার করতে পারেন, তাহলে তার উচিত প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পূর্ণ সময়ের জন্য সেই কাজেই মনোযোগ দেওয়া। একই সঙ্গে তিনি দেশের নেতৃত্ব অন্য কারও হাতে তুলে দেওয়ার আহ্বান জানান।

এর আগে মঙ্গলবার কংগ্রেসের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধীও প্রধানমন্ত্রী মোদির সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও নিয়ে সমালোচনা করেন। সংসদে তিনি বলেন, নতুন নতুন ক্যামেরার অ্যাঙ্গেলে ভিডিও তৈরি করে তরুণ প্রজন্মের সমর্থন পাওয়া যাবে না। পরিবর্তন আনতে হলে ক্যামেরার নয়, মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

এদিকে লোকসভায় পাস হওয়া প্রশ্নফাঁসবিরোধী আইন নিয়েও প্রশ্ন তোলেন অভিজিৎ দিপকে। তার ভাষ্য, শুধু আইন প্রণয়ন করলেই সমস্যার সমাধান হয় না। আইন বাস্তবায়নের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও সদিচ্ছা না থাকলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।

তিনি বলেন, দেশে অতীতেও অনেক ভালো আইন হয়েছে, কিন্তু বাস্তবায়নের ঘাটতির কারণে সেগুলোর সুফল মানুষ পায়নি।

প্রশ্নফাঁসের মামলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত দ্রুত বিচার আদালতের প্রসঙ্গ তুলে অভিজিৎ দিপকে বলেন, মানুষ আশা করেছিল এসব মামলার দ্রুত নিষ্পত্তি হবে। কিন্তু প্রথম শুনানিতেই কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর আইনজীবী উপস্থিত না থাকায় শুনানি পিছিয়ে যায়। এতে স্পষ্ট হয়েছে, শুধু আইন বা ঘোষণা নয়, কার্যকর বাস্তবায়নই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970