দুদকের দায়মুক্তি পেলেন স্বাস্থ্য উপদেষ্টার সাবেক দুই পিও তুহিন-মাহমুদুল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৩ এএম
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবী ও ডা. মাহমুদুল হাসান। দীর্ঘ প্রায় এক বছর অনুসন্ধান চালিয়েও তাদের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগের কোনো সত্যতা পায়নি দুর্নীতি দমন কমিশন। ফলে অভিযোগটি আনুষ্ঠানিকভাবে পরিসমাপ্ত ঘোষণা করে তাদের দায়মুক্তি দেওয়া হয়েছে।
দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে বিদায়ী কমিশনের অনুমোদনের মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য এবং অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ পরিপ্রেক্ষিতে তাদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয় এবং পৃথক অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে তদন্ত শুরু করা হয়।
তুহিন ফারাবীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে ২০২৫ সালের ৩০ অক্টোবর অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে তাকে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়। তিনি ২৫ নভেম্বর তা দাখিল করেন। পরবর্তীতে বিস্তারিত যাচাই-বাছাই শেষে অনুসন্ধান কর্মকর্তা চলতি বছরের ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দেন, যেখানে বলা হয় তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। এর ভিত্তিতে ১৬ ফেব্রুয়ারি তাকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়।
একইভাবে মাহমুদুল হাসানের বিরুদ্ধেও প্রাথমিক অনুসন্ধান শেষে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তিনি ১০ নভেম্বর তা জমা দেন। পরে দীর্ঘ তদন্ত শেষে ৩ ফেব্রুয়ারি দাখিল করা প্রতিবেদনে তার বিরুদ্ধেও অবৈধ সম্পদের অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। এরপর কমিশনের অনুমোদনে তাকেও ১৬ ফেব্রুয়ারি দায়মুক্তি দেওয়া হয়।
দুদকের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় তুহিন ফারাবী বলেন, উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনের কারণে তাদের হয়রানি করা হয়েছে। এ বিষয়ে তিনি আর মন্তব্য করতে চাননি। অন্যদিকে মাহমুদুল হাসান আগেই সব অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিলে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে কর্মসূচি পালন করা হয় এবং পরে পৃথকভাবে অভিযোগ জমা পড়ে। সেই সূত্র ধরে দুদক অনুসন্ধান শুরু করে এবং দীর্ঘ তদন্ত শেষে অভিযোগের সত্যতা না পাওয়ায় তা পরিসমাপ্ত ঘোষণা করা হয়।