প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় সরকারকে যে হুঁশিয়ারি দিলেন মির্জা ফখরুল
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৫ এএম
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে এ ঘটনার সম্পূর্ণ দায় সরকারের ওপর বর্তায় বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তার দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকাহত জাতি যখন তার আত্মার মাগফিরাত কামনায় প্রার্থনা করছে, ঠিক সেই সময়ে ডেইলি স্টার, প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নূরুল কবীরসহ অনেকের ওপর হীন হামলা চালানো হয়েছে।’
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, ‘দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর অপেক্ষায় যারা থাকে, তারাই এই দেশের প্রকৃত শত্রু। আজ তারা জাতির শোকের মুহূর্তকে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে রূপ দিয়েছে। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারকে এই ঘটনার সম্পূর্ণ দায় নিতে হবে।’
মির্জা ফখরুল তার পোস্টে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে মব সন্ত্রাস জাতিকে বিভক্ত করে ফেলেছে। তিনি লেখেন, ‘হাদি নির্বাচনে প্রার্থী ছিলেন, জনগণের দ্বারে দ্বারে গিয়েছিলেন। নির্বাচন হবে এবং বাংলাদেশে গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। হাদির হত্যাকারীদের বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর নতুন সরকারের প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করা এবং একটি গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা। এ লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি। সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় দীর্ঘ চিকিৎসার পর ঢাকায় ও পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।