কাল দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা, দাফন হবে স্বামীর কবরের পাশে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামী বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

মির্জা ফখরুল জানান, জাতীয় মসজিদের খতিব জানাজা পরিচালনা করবেন। জানাজা শেষে দুপুর সাড়ে ৩টায় রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের পর বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। নিরাপত্তাজনিত কারণে দাফনকালে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং কেউ ব্যাগ বা ভারী সামগ্রী বহন করতে পারবেন না।

তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। এমন একটি সময়ে তিনি আমাদের ছেড়ে গেলেন, যখন জাতির তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।”

উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এদিকে তার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে। একই সঙ্গে বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে এক দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970