চুরি-দুর্নীতির চেয়ে ভোট ভিক্ষা করা সম্মানের: হাসনাত আব্দুল্লাহ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

ছবি: সংগৃহীত

চুরি ও দুর্নীতি করার চেয়ে ভোট ভিক্ষা করাকে বেশি সম্মানের বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নে ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আসছি। প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইছি—ভাই, আমাদের সহযোগিতা করুন। আমার কাছে মনে হয়, চুরি করার চেয়ে, দুর্নীতি করার চেয়ে, রাস্তার মাটি খাওয়ার চেয়ে বা ইট খাওয়ার চেয়ে ভোট ভিক্ষা করাটা অনেক বেশি সম্মানের।”

তিনি আরও বলেন, “আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চাই।” দুর্নীতিকে একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করে তিনি বলেন, “ধরুন একটি বড় ট্যাংকি ভর্তি করে পানি দেওয়া হলো। এরপর বাইরে থেকে সেই ট্যাংকিতে ছিদ্র করা হলো। যতই পানি দেন, লাভ হবে না। এই ছিদ্রই হলো দুর্নীতি। এই ছিদ্র বন্ধ করতে পারলেই দুর্নীতি বন্ধ হবে।”

হাসনাত আব্দুল্লাহ বলেন, এবারের নির্বাচন হবে দুর্নীতি বন্ধের নির্বাচন এবং চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচন।

এদিন তিনি দেবীদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার, ভবানীপুর, প্রজাপতি বাজার, সংচাইল, ছোটশালঘর ও মন্ত্রী বাড়ি স্টেশনসহ বিভিন্ন এলাকায় ভারতীয় আগ্রাসন বিরোধী পদযাত্রায় অংশ নেন। এ সময় স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970