ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইসির, জামায়াত আমিরের কড়া বার্তা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে কড়া বার্তা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ভোটের অধিকার একবার লড়াইয়ের মাধ্যমে অর্জিত হয়েছে, প্রয়োজনে সেই অধিকার আবারও লড়াই করেই রক্ষা করা হবে।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নির্বাচন কমিশনকে উদ্দেশ করে এ মন্তব্য করেন জামায়াত আমির। পোস্টে তিনি লেখেন, দেশের মানুষ একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। রক্তের বিনিময়ে অর্জিত এই অধিকার নিয়ে কেউ যেন হস্তক্ষেপ করার চেষ্টা না করে।

ডা. শফিকুর রহমান বলেন, মানুষ নির্ভয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, প্রার্থী ও প্রতীক নিয়ে আনন্দ প্রকাশ করতে চায়। তাঁর মতে, নির্বাচনের দিনটি হওয়া উচিত গণতন্ত্রের উৎসবের দিন—যেদিন ভোটাররা গর্বের সঙ্গে লাইনে দাঁড়াবেন, ছবি তুলবেন এবং মত প্রকাশের স্বাধীনতা উপভোগ করবেন।

তিনি আরও বলেন, এই অধিকার খর্ব করার কোনো সুযোগ নেই। কেউ যদি ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে মনে রাখা উচিত—এই জাতি প্রস্তুত আছে। বিশেষ করে তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সব সময় সজাগ রয়েছে।

পোস্টের শেষ অংশে জামায়াত আমির লেখেন, ভোটের অধিকার একবার সংগ্রামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। প্রয়োজনে সেই অধিকার আবারও সংগ্রামের মাধ্যমেই রক্ষা করা হবে—ইনশাআল্লাহ।

এর আগে রোববার রাতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা চিঠিতে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্ধারিত কিছু ব্যক্তি ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

চিঠিতে বলা হয়, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সংশ্লিষ্ট পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন বহন করতে পারবেন। এ নির্দেশনা ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়, সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চলবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970