দেশে গ্যাসের খনি আবিষ্কার করে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে: তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক গ্যাস রয়েছে এবং বিএনপি সরকার গঠন করলে নতুন গ্যাস খনি আবিষ্কার করে দেশের ঘরে ঘরে সরবরাহ নিশ্চিত করা হবে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে ঢাকা-৫ আসনের নির্বাচনী প্রচারণা সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “আগের সরকার বিদেশ থেকে গ্যাস আমদানি করলেও দেশে নতুন গ্যাস খনি আবিষ্কারের দিকে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বিএনপি ক্ষমতায় এলে দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে জ্বালানি খাতে স্বনির্ভরতা নিশ্চিত করা হবে।”

তিনি আরও বলেন, “গত এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ ভোটাধিকার ও মানবিক অধিকার থেকে বঞ্চিত ছিল। এখন মানুষ মুক্তভাবে কথা বলতে পারছে এবং তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারছে। বাংলাদেশে মানুষ আবার ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে।”

বিএনপি চেয়ারম্যন অভিযোগ করেন, গত ১৬ বছরে যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের সহযোগীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তিনি উদাহরণ দিয়ে বলেন, নকল সিল বানানোর সময় তাদের লোকজন ধরা পড়েছে।

ঢাকা-৫ আসনের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, “সতর্ক ও সজাগ থাকতে হবে। ভোটকেন্দ্রে কেউ যেন কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে। ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে অবস্থান করবেন। শুধু ভোট দিয়ে চলে আসবেন না, ফল নিশ্চিত করুন।”

দুর্নীতির প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম। গত ১৬ বছরে ব্যাপক দুর্নীতি ও বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। ২০০১ সালে বেগম খালেদা জিয়ার ক্ষমতায় আসার সময় বাংলাদেশ দুর্নীতিতে উচ্চ রেকর্ডে ছিল। তবে ২০০৬ সালে ক্ষমতা হস্তান্তরের সময় কঠোর পরিশ্রম ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশকে দুর্নীতিমুক্ত অবস্থানে আনা সম্ভব হয়েছিল।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970