গণভোটের রায় বাতিলে আদালতকে ব্যবহারের চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৯:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের অংশ হিসেবে বিচার বিভাগকে প্রভাবিত করার অপচেষ্টা হচ্ছে।

সোমবার (২ মার্চ) চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ ও গণভোটের রায়ের ভিত্তিতেই বর্তমান সরকার গঠিত হয়েছে। এখন সেই রায় বাতিলের লক্ষ্যে আদালতকে ব্যবহার করার চেষ্টা চলছে। একই সঙ্গে বিচার বিভাগকে দলীয়করণের অপচেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আদালতকে ব্যবহার করা হলে তার ফল শুভ হবে না। দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, শুধু ঢাকায় নাসিরুদ্দীন পাটোয়ারীর নেতৃত্ব যথেষ্ট নয়। চট্টগ্রামসহ সারাদেশে দখলদারত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ইফতার মাহফিলে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970