গর্তে নিখোঁজের ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার শিশু সাজিদ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০৭ পিএম
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে দুই বছরের শিশু সাজিদকে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাত ৯টার দিকে আমরা সাজিদকে অচেতন অবস্থায় পাই। দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।’
ঘটনাটি ঘটে বুধবার দুপুর দেড়টার দিকে, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট উত্তরপাড়া গ্রামে। সাজিদ স্থানীয় বাসিন্দা রাকিবের ছেলে।
শিশুটির মা রুনা খাতুন জানান, দুপুরে দুই ছেলেকে নিয়ে মাঠের দিকে যাচ্ছিলেন। ছোট সন্তানটি কোলে ছিল। হাঁটার এক মুহূর্তে তিনি শুনতে পান, সাজিদ “মা” বলে ডাকছে। পিছনে ফিরে দেখেন, শিশুটি নেই। খড় দিয়ে ঢাকা একটি গর্তের ভেতর থেকে তার কান্নার শব্দ শোনা যাচ্ছিল। পা দেওয়ার সঙ্গে সঙ্গে শিশুটি গর্তে পড়ে যায়। তিনি চিৎকার করে লোকজন ডাকলেও শিশুটি ধীরে ধীরে নিচে নেমে যায়।
ফায়ার সার্ভিস রাজশাহী বিভাগের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে গর্তে মাটি ফেলেছিলেন। সে অবস্থায় বিকেল আড়াইটায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।
স্থানীয়রা বলেন, ওই এলাকায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নামায় গভীর নলকূপ বসানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও কোয়েলহাট গ্রামের এক ব্যক্তি পরীক্ষামূলকভাবে গর্ত খনন করেছিলেন। পরে তা ভরাট করা হলেও বর্ষায় মাটি বসে গিয়ে আবার গর্ত তৈরি হয়। সেই গর্তেই পড়ে যায় শিশু সাজিদ।