৩২ ঘন্টা পর গর্ত থেকে উদ্ধার হলেও বাঁচানো গেল না শিশু সাজিদকে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে ৩২ ঘণ্টা নিখোঁজ থাকার পর উদ্ধার হওয়া দুই বছরের শিশু সাজিদকে আর বাঁচানো গেল না। বৃহস্পতিবার রাত ১০টার দিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন তানোর উপজেলার ইউএনও নাঈমা খান।
এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তানোর, রাজশাহী সদর ও চাঁপাইনবাবগঞ্জ—তিনটি স্টেশনের সদস্যরা টানা অভিযানে অংশ নেন। শিশুটির কাছে পৌঁছাতে প্রায় ৪০ ফুট মাটি খুঁড়তে হয়।
ঘটনাটি ঘটে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে, পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, জমিতে আটকে যাওয়া একটি ট্রলি দেখতে গিয়েছিলেন সাজিদের বাবা রাকিব ও মা। মায়ের কোলে থাকা সাজিদ হাঁটতে হাঁটতে খড় দিয়ে ঢাকা একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায়। গর্তটি ঢেকে থাকায় সেটি আগে কারও নজরে আসেনি।
শিশুটি পড়ে যাওয়ার পর স্থানীয় লোকজন প্রথমে উদ্ধারচেষ্টা শুরু করেন। কিছুক্ষণ পর তানোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। শিশুটিকে বাঁচিয়ে রাখতে গর্তের ভেতর পাইপ ফেলে অক্সিজেন সরবরাহ করা হয়। পাশাপাশি এক্সকেভেটর দিয়ে গর্তের পাশ থেকে মাটি খোঁড়া হয়। বৃহস্পতিবার অভিযান আরও সম্প্রসারিত হয়ে মোট আটটি ইউনিট এতে যুক্ত হয়।
লম্বা সময়ের ধারাবাহিক প্রচেষ্টার পর সাজিদকে জীবিত অবস্থায় তুলতে পারলেও, হাসপাতালে নেওয়ার পর আর তাকে বাঁচানো সম্ভব হয়নি।