খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে হামলা, খাবার লুট
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
বাগেরহাটের মোংলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুইজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মোংলা হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এই হামলার ঘটনা ঘটে। অনুষ্ঠানটি বাগেরহাট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম আয়োজন করেন।
আহতরা হলেন রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সোবাহান মোল্লা (৩০) ও মো. মাইনুল (২৫)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দোয়া মাহফিল শুরুর আগে একদল দুর্বৃত্ত প্রায় ২ হাজার মানুষের জন্য প্রস্তুত করা খাবার লুট করে নেন এবং কিছু খাবার নষ্টও করেন। বাধা দেয়ার চেষ্টা করলে তারা হামলা চালায়।
হামলার সময় উপস্থিত মানুষজন প্রাণ বাঁচাতে মোংলা থানাসহ আশেপাশের বিভিন্ন স্থানে আশ্রয় নেন। খবর পেয়ে মোংলা থানা পুলিশ ও নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সুরক্ষা ও পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত সোবাহান মোল্লা জানান, হামলার সময় জীবন বাঁচাতে তিনি মোবাইল ফোন ফেলে থানার ভিতরে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি অভিযোগ করেন, হামলাটি পূর্বপরিকল্পিত এবং দোয়া মাহফিল ব্যাহত করার জন্য করা হয়েছে। হামলার সময় ডেকোরেটর ও বাবুর্চিরাও হুমকি ও ভয়ভীতি দেখানোর শিকার হন।
মোংলা থানার সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।