রণক্ষেত্র হবিগঞ্জ: মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পিএম
হবিগঞ্জের লাখাই উপজেলায় ফুটবল খেলা নিয়ে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে ফুটবল খেলা নিয়ে মারুগাছ গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও মোস্তাক মিয়ার ছেলের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে তা দুই পরিবারের সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
শনিবার সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে লাখাই থানা-র ওসি মো. জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস জানান, দুই শিশুর ফুটবল খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মাইকিং করে লোকজন জড়ো করার পর পরিস্থিতি সহিংস রূপ নেয়।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।