পতাকা উত্তোলনের এক ঘণ্টার মাথায় মাগুরা আওয়ামী লীগ অফিসে আগুন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম

ছবি: সংগৃহীত

মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের প্রায় এক ঘণ্টার মাথায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শহরের জামরুলতলা এলাকায় অবস্থিত দলটির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এনামুল হক হিরোকের নেতৃত্বে প্রায় দশ থেকে বারোজন নেতাকর্মী সেখানে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন।

এ সময় সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের নেত্রী সোনিয়া সুলতানা, মীর রেজাউল ইসলামসহ স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও আশপাশের বাসিন্দারা জানান, পতাকা উত্তোলনের প্রায় এক ঘণ্টা পর একদল উত্তেজিত যুবক এসে আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেয়। এতে কার্যালয়ে উত্তোলন করা দলীয় ও জাতীয় পতাকাও পুড়ে যায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বর্তমানে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। আইন অমান্য করে কেউ রাজনৈতিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970