মোংলায় বিএনপি নেত্রীর ঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৫:২৮ পিএম

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় ওই নেত্রীর স্বামীকে আটক করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। স্থানীয়দের দাবি অনুযায়ী, আটক ব্যক্তি শান্ত পাড়ই জাতীয়তাবাদী মহিলা দলের মোংলা থানা শাখার সহ-সভাপতি তানিয়া বিশ্বাস লিথির স্বামী।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৫টার দিকে মোংলা থানার চিলা বাজার সংলগ্ন একটি বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানের সময় ঘর তল্লাশি করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে শান্ত পাড়ই নামে এক ব্যক্তিকে আটক করা হয়, যাকে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

আটক শান্ত পাড়ই মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর পাড়ইয়ের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি জাতীয়তাবাদী মহিলা দলের নেতা তানিয়া বিশ্বাস লিথির স্বামী।

এলাকাবাসী জানান, অভিযানের সময় তানিয়া বিশ্বাস লিথি বাড়িতেই উপস্থিত ছিলেন। তার সামনেই কোস্ট গার্ড সদস্যরা ঘরের ভেতর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেন। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শান্ত পাড়ই দৌড়ে পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

তবে এই বিপুল পরিমাণ মদের চালানের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তানিয়া বিশ্বাস লিথি তার ঘর থেকে মদ উদ্ধারের বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, তার স্বামী ওয়ার্ড বিএনপির একজন সদস্য। তবে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিদেশি মদ তাদের নয় বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, মদের মালিক তার স্বামীর পরিচিত এক ব্যক্তি এবং তার অনুরোধে সাময়িকভাবে সেগুলো তাদের ঘরে রাখা হয়েছিল।

অন্যদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। মাদকের বিষয়ে বিএনপির অবস্থান অত্যন্ত কঠোর। দলের কেউ যদি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকে, তবে তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা বিদেশি মদ এবং আটক শান্ত পাড়ইকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970