মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১২:২৬ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজার সদরের ঝিলংজায় এনজিওর কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগে রবিউল হোসাইন রবি (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া পাতাবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কাঠের বাটামও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার রবিউল হোসাইন রবি ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। নিহত মোহাম্মদ আজিম কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, রবিউলের মা রেহেনা বেগম প্রায় এক দশক আগে প্রথম স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে চলে আসেন। সেখানে থাকাকালীন তিনি মোহাম্মদ আজিমের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিয়ে না হলেও তারা দীর্ঘদিন স্বামী-স্ত্রীর মতো বসবাস করছিলেন।

রবিউল হোসাইন শুরুতে বিষয়টি মেনে নেন এবং আজিমকে বাবার মতোই সম্মান করতেন। তবে গত ২ এপ্রিল দুপুরে কিস্তির টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রবিউল ক্ষিপ্ত হয়ে পাশে থাকা কাঠের বাটাম দিয়ে আজিমের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে ঝিলংজার দক্ষিণ মুহুরীপাড়া এলাকা থেকে রবিউলকে গ্রেপ্তার করে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970