ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম
ঢাকার ধামরাইয়ে ঘরে ঢুকে নাহিদা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত নাহিদা আক্তারের মা লিজা আক্তার প্রবাসে থাকেন এবং বাবা নুর হোসেন বরিশালে অবস্থান করছেন। তিনি নানীর সঙ্গে ধামরাইয়ে বসবাস করতেন এবং স্থানীয় একটি বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় নাহিদা নিজ ঘরে পড়াশোনা করছিলেন। এ সময় তার নানী দুধ আনতে বাইরে যান। যাওয়ার আগে তিনি নাহিদাকে ভেতর থেকে দরজা বন্ধ রাখতে এবং অপরিচিত কাউকে দরজা না খুলতে বলেন। কিছুক্ষণ পর ফিরে এসে নানী দেখেন দরজা খোলা। পরে ঘরের ভেতরে গিয়ে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় নাহিদাকে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নানী দেলোয়ারা বেগম জানান, বাইরে যাওয়ার আগে তিনি নাহিদাকে সতর্ক করে গিয়েছিলেন। ফিরে এসে দরজা খোলা দেখে তার সন্দেহ হয়। ঘরের ভেতরে ঢুকে তিনি নাহিদাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার কানের দুল ও গলার চেইনও খুঁজে পাওয়া যায়নি।
নিহতের মামা মো. খোকন বলেন, উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নাহিদাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।